দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রায়হান আগে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেন। রোববার দিবাগত রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখেন। ভোরে বাড়ি ফেরার পর বাইরে খেলা দেখা এবং দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলে রায়হান আত্মহত্যার হুমকি দেন। পরে স্ত্রী কিছু দূর গিয়ে ফিরে এসে তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা আসে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এমএম/